

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর দেওয়া নোবেল শান্তি পুরস্কারের পদকটি গ্রহণ করার সপক্ষে যুক্তি দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, মাচাদো নিজেই তাকে এই পদকটি উপহার দিয়েছেন এবং তিনি মনে করেন এটি পারস্পরিক শ্রদ্ধার একটি চমৎকার নিদর্শন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে মাচাদোর সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প দাবি করেন, আটটি যুদ্ধ বন্ধ করার সাফল্যে মুগ্ধ হয়েই মাচাদো তাকে এই সম্মান জানিয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাচাদোর উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মাচাদো তাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ইতিহাসে আপনার চেয়ে বেশি এই পুরস্কারের যোগ্য আর কেউ নেই’।
হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকের পর মাচাদো যখন বের হয়ে আসছিলেন, তখন তার হাতে কেবল ট্রাম্পের স্বাক্ষর সংবলিত একটি ব্যাগ ছিল। অন্য একজনের নোবেল পদক কেন তিনি নিতে চাইলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে, মাচাদো অত্যন্ত সহৃদয়তার সঙ্গে এটি তাকে দিয়েছেন এবং তার কাজের প্রশংসা করেছেন।
ট্রাম্প মাচাদোকে একজন ‘অসাধারণ নারী’ হিসেবে অভিহিত করে জানান যে তিনি মাচাদোর এই সৌজন্যবোধে অত্যন্ত খুশি। মাচাদো নিজেও জানিয়েছেন যে, ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অনন্য প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি তার অর্জিত পদকটি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন।
তবে পদকটি হস্তান্তরের খবরটি শিরোনামে আসার পরপরই নরওয়েজীয় নোবেল কমিটি বিষয়টি নিয়ে পুনরায় তাদের অবস্থান পরিষ্কার করেছে। শুক্রবার এক বিবৃতিতে তারা জানিয়েছে যে, নোবেল শান্তি পুরস্কারের কোনো পদক অন্য কারো কাছে হস্তান্তর করা গেলেও সেই পুরস্কারের মর্যাদা বা খেতাব কখনোই বদলানো সম্ভব নয়।
কমিটি স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, একজন নোবেল বিজয়ী তার পদকটি কাউকে দিতে পারেন, বিক্রি করতে পারেন কিংবা দান করতে পারেন, তবে ইতিহাসে মূল বিজয়ী হিসেবে কেবল মাচাদোর নামই লিপিবদ্ধ থাকবে। এমনকি পদকটি অন্যের দখলে থাকলেও নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধিটি হস্তান্তরযোগ্য বা বাতিলযোগ্য নয়।
নোবেল কমিটি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে অস্বীকার করে জানিয়েছে যে, একজন বিজয়ী তার পদক, ডিপ্লোমা বা পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সে বিষয়ে তাদের কোনো বিধিনিষেধ নেই। তবে মাচাদোর এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
অনেকে এটিকে ‘অত্যন্ত লজ্জাজনক’ ঘটনা হিসেবে বর্ণনা করলেও মাচাদো দাবি করেছেন যে ট্রাম্প প্রশাসনের ওপর তারা আস্থা রাখতে পারেন। ভেনেজুয়েলার আগামী নেতৃত্ব নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হলেও ট্রাম্প শেষ পর্যন্ত মাচাদোকে কতটা সমর্থন দেবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
সূত্র: এনডিটিভি, এপি
মন্তব্য করুন


আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার নভায়া জমলিয়া দ্বীপপুঞ্জে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পরীক্ষাকেন্দ্রটি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২তম মেইন ডিরেক্টরেটের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভেরখভতসেভ এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধিকারী নীতির প্রেক্ষিতে রাশিয়া পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে বিবেচনা করছে।
ভেরখভতসেভ জানান, নভায়া জমলিয়া দ্বীপপুঞ্জের পরীক্ষাকেন্দ্রটি কয়েক বছর ধরেই পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুমোদন পাওয়া যায়, তাহলে আমরা অদূর ভবিষ্যতেই তা বাস্তবায়ন করতে সক্ষম।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২তম মেইন ডিরেক্টরেট পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে।
এই কেন্দ্রে সোভিয়েত ইউনিয়ন মোট ৭১৫টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। নভায়া জমলিয়ায় সর্বশেষ পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল ১৯৯০ সালের ২৪ অক্টোবর।
রাশিয়ার এই ঘোষণাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে। কারণ এটি ১৯৯৬ সালের পরমাণু অস্ত্র পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির (CTBT) নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই দেশটির এমন সিদ্ধান্ত বিশ্বব্যাপী সামরিক উত্তেজনা এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়ার এই পদক্ষেপ একটি শক্তির প্রদর্শন এবং তাদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের কৌশল।
মন্তব্য করুন


দক্ষিণ কোরিয়া দাবি করেছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার শতাধিক সেনা নিহত হয়েছে। দেশটির একজন সংসদ সদস্য জানান, চলতি মাসে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়ার পর থেকে অন্তত ১০০ জন উত্তর কোরীয় সেনা প্রাণ হারিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
লি সাং-কওন নামে ওই এমপি জানান, হতাহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। সেনাদের অপরিচিত যুদ্ধক্ষেত্র এবং ড্রোন যুদ্ধের অভিজ্ঞতার অভাবের কারণে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
গত অক্টোবর মাসে উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য ১০ হাজার সেনা পাঠায়। চলতি সপ্তাহের শুরুতে, প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনাদের হতাহতের খবর পাওয়া যায়।
এর আগে, স্থানীয় সময় সোমবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র উত্তর কোরীয় সেনাদের নিহত হওয়ার কথা জানান, তবে সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
মন্তব্য করুন


যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৫০০ মিলিয়ন ডলারের নতুন একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
গত নভেম্বরে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ঠিক একদিন পরেই ইউক্রেনকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন দেওয়ার জন্যও রাজি হন বাইডেন।
ধারণা করা হচ্ছে, নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই যত দ্রুত সম্ভব এই সহায়তা পাঠানোর চেষ্টা করছেন জো বাইডেন। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সহায়তা নিয়ে শঙ্কা সৃষ্টি করেছে। এজন্য বাইডেন প্রশাসন আরও বেশি সময় পাবে না ইউক্রেনকে সহায়তা করার জন্য।
মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ১২৫ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। এর আগে ১০ দিন আগে ওয়াশিংটন ইউক্রেনকে ৭২৫ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, অ্যান্টি-পার্সোনেল মাইন এবং অন্যান্য অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছিল। এবার আবারও একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এর আগে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন শেষ পর্যন্ত ইউক্রেনের জন্য অতিরিক্ত সামরিক প্যাকেজ প্রদান অব্যাহত রাখবে।
এদিকে, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া সমালোচনা করেছেন। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত যুদ্ধের মাত্রা বাড়িয়েছে।
ট্রাম্প বলেন, "যা ঘটছে তা এক ধরনের পাগলামি। এটা মূর্খতা। রাশিয়ায় কয়েকশ মাইল দূর থেকে ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্যাপারে আমি একেবারে একমত নই। আমাদের এটা করার কারণ কী! আমরা শুধু এই যুদ্ধটিকে আরও মারাত্মক করে তুলছি এবং পরিস্থিতির অবনতি ঘটাচ্ছি। এটা অনুমোদন দেওয়া উচিত হয়নি।"
মন্তব্য করুন


ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলেন জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু সুযোগ না পেয়ে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এখন আইনশৃঙ্খলার বাহিনীর প্রথম কাজ হচ্ছে হামলাকারীর পরিচয় শনাক্ত করা বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত ডা. আদনান জানান, বিস্ফোরণের পর ১২টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং সেগুলো জরুরি বিভাগ থেকে মর্গে স্থানান্তর করা হয়েছে।
এদিকে আইনজীবীদের প্রতিনিধিরা জানান, নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবী রয়েছেন, যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে তাদের মক্কেলদের সঙ্গে ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহসিন নাকভি বলেন, ‘আজ ইসলামাবাদে হামলার সঙ্গে অনেক সংযোগ রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রমাণ সামনে আনা হবে। যেই জড়িত থাকুক না কেন, এমনকি যদি সে অন্য কোনো দেশের নাগরিকও হয়, কাউকে ক্ষমা করা হবে না।’
তিনি আরো বলেন, ‘দুই সপ্তাহ পর থেকে কোনো যানবাহন ই-ট্যাগ ছাড়া ইসলামাবাদে প্রবেশ করতে পারবে না।’
সূত্র : বিবিসি বাংলা।
মন্তব্য করুন


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তারা উভয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। সুলিভান এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান।
এছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় নেতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তা সুরক্ষিত রাখার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বিবৃতিতে জ্যাক সুলিভান একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের বিষয়টি পুনরায় উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্তব্য করুন


দিল্লির ৪৪টি স্কুলে সোমবার (৯ ডিসেম্বর) বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিপিএস আরকে পুরাম এবং জিডি গোয়েঙ্কা স্কুল। খবর এনডিটিভির।
প্রতিবেদনে জানানো হয়েছে, হুমকি পাওয়ার পরপরই স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এই হুমকি ইমেইলের মাধ্যমে দেওয়া হয়েছে। এনডিটিভি ওই ইমেইলের একটি কপি হাতে পেয়েছে।
ইমেইলটি রোববার রাত ১১টা ৩৮ মিনিটে পাঠানো হয়। সেখানে দাবি করা হয়েছে, স্কুল ভবনের ভেতরে একাধিক বোমা লুকিয়ে রাখা হয়েছে। ইমেইলে আরও বলা হয়েছে, বোমাগুলো আকারে ছোট হলেও সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে লুকানো হয়েছে।
ইমেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করার জন্য ৩০ হাজার ডলার দাবি করেছেন। তিনি আরও বলেছেন, বোমাগুলো ভবনে বড় কোনো ক্ষতি করবে না, তবে এতে বহু মানুষ আহত হতে পারে।
এই ঘটনার পর দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। সকালে যখন স্কুল বাসগুলো শিক্ষার্থীদের নিতে আসতে শুরু করে এবং অভিভাবকরা সন্তানদের স্কুলে নামিয়ে দিতে আসেন, তখনই বোমা হামলার সতর্কতা দ্রুত ছড়িয়ে পড়ে।
জিডি গোয়েঙ্কা স্কুল থেকে দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট সকাল ৬টা ১৫ মিনিটে প্রথম একটি বোমা হামলার হুমকির ফোন পায়। এরপর সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আরকে পুরাম স্কুল থেকেও ফোন আসে।
বোমা নিষ্ক্রিয়কারী দল, স্থানীয় পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
মন্তব্য করুন


কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের স্থানীয় সময় বিকালে দোহায় বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এসময় দোহার আকাশে কালো ধোঁয়া দেখা যায়।
বিস্ফোরণের কিছুক্ষণ পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, শিন বেত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
যদিও হামাসের কোন নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানায়নি আইডিএফ। তবে বহু বছর ধরে হামাসের শীর্ষ নেতারা গাজা উপত্যকার বাইরে রাজনৈতিক সদর দপ্তর হিসেবে দোহাকে ব্যবহার করে আসছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দোহায় তাদের আলোচক দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, এই হামলা আন্তর্জাতিক সব আইন ও বিধির চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিক ও অধিবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, কাতার এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে এবং স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই বেপরোয়া ইসরাইলি আচরণ, আঞ্চলিক নিরাপত্তায় হস্তক্ষেপ এবং কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে যেকোনো পদক্ষেপকে বরদাশত করা হবে না। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
মন্তব্য করুন


পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের দক্ষিণাঞ্চলীয় শহর সেমে-পোাজির একটি পেট্রোলের ডিপোতে আগুন লেগে এক শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ ডজনেরও বেশি সংখ্যক মানুষ।
সেমে-পোজি শহরটি নাইজেরিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত। শনিবার স্থানীয় সময় সকালে ৯টার দিকে ওই ডিপোতে আগুন লাগে বলে এক বিবৃতি জানিয়েছে বেনিনের বিচার বিষয়ক মন্ত্রণালয়।
বেনিনের সরকারি প্রসিকিউট আবদৌবাকি আদম বোংলে জানান, যে ডিপোতে আগুন লেগেছে— সেখানে নাইজেরিয়া থেকে চোরাইপথে পেট্রোল আসতো। শনিবার সকালে এমন একটি চালান যখন আনলোড হচ্ছিল, সেসময় বিস্ফোরণ ঘটে এবং তার জেরেই আগুনের সূত্রপাত।
এ ঘটনায় নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে বিবৃতেতে উল্লেখ করেছেন বোংলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাজার এলাকার দোকানে আগুন লেগেছে এবং বিরাট কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে। অনেক লোকজন নিরাপদ দূরত্বে থেকে দেখছেন সেই আগুন পরিস্থিতি।
তবে এই ভিডিওটি সত্যিই ঘটনাস্থলের কি না— যাচাই করতে পারে নি রয়টার্স।
মন্তব্য করুন


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন। এ সফরে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি সৌদি আরব যাচ্ছি।’ তবে তিনি কখন সফর করবেন তা স্পষ্ট করে বলেননি।
সৌদি আরব সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তার সফরের মূল উদ্দেশ্য বাণিজ্য।
ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম, আপনারা (সৌদি আরব) যদি আমেরিকান কোম্পানিগুলোকে এক ট্রিলিয়ন ডলার দেন, চার বছরের জন্য এক ট্রিলিয়ন ডলারে ক্রয় করতে সম্মত হন, তাহলে আমি যাব। তারা এতে সম্মত হয়েছে, তাই আমি সেখানে যাচ্ছি।’
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এখন পর্যন্ত ট্রাম্প বিদেশ সফর করেননি। তবে তার প্রথম মেয়াদে ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর তিনি সৌদি আরবে প্রথম সফরে যান।
সম্প্রতি তিনি বলেছেন, ২০১৭ সালে তিনি তার প্রথম সফরে ব্রিটেনের পরিবর্তে সৌদি আরব সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ, সৌদি আরব ৪৫০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছিল।
ট্রাম্প সৌদি আরবের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছেন। গত ডিসেম্বরে ট্রাম্প অর্গানাইজেশন জেদ্দায় ট্রাম্প টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে।
মন্তব্য করুন


মার্কিন লেখিকা ও সামাজিক মাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছেন যে তিনি টেসলার সিইও ইলন মাস্কের সন্তানের মা। এই দাবির পরিপ্রেক্ষিতে নীরবতা ভেঙে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন এই বিলিয়নিয়ার।
স্থানীয় সময় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৩১ বছর বয়সী অ্যাশলে এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানান, মাস্কের সঙ্গে তার পরিচয় হয়েছিল প্রায় তিন বছর আগে। আর পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।
অ্যাশলে লিখেছেন, ‘পাঁচ মাস আগে আমি একটি শিশুর জন্ম দিয়েছি। আর ইলন মাস্ক সেই সন্তানের বাবা।’
অ্যাশলে বলেন, তিনি নিজের ও তার সন্তানের নিরাপত্তা এবং গোপনীয়তার কথা চিন্তা করে এতদিন সন্তানের বাবার পরিচয় গোপন রেখেছিলেন। তবে কিছু ট্যাবলয়েড পত্রিকা মনগড়া খবর প্রকাশ করায় তিনি সত্যি কথা সামনে আনলেন। তিনি আরও বলেন, ‘আমি চাই, আমাদের সন্তান একটি স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বড় হোক। আমি গণমাধ্যমকে অনুরোধ করব, আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে না ছোটার জন্য অনুরোধ করছি।’
তবে অ্যাশলের এই দাবির প্রতিক্রিয়ায় ইলন মাস্ক সরাসরি কোনো মন্তব্য বা বিবৃতি দেননি। তিনি এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করে মাত্র একটি শব্দ লিখেছেন, ‘হোয়া’। সাধারণত আশ্চর্য বা মজাদার কোনো অনুভূতি প্রকাশ করতে তিনি এই ধরনের শব্দ ব্যবহার করেন।
ইলন মাস্ক যে পোস্টটি শেয়ার করেছেন, সেই পোস্টে লেখা ছিল, অ্যাশলে সেন্ট ক্লেয়ার ইলন মাস্ককে ফাঁসাতে পাঁচ বছর সময় নিয়েছেন।
যদি এই পুরো ঘটনা সত্যি হয়, তাহলে অ্যাশলে ইলন মাস্কের ১৩তম সন্তানের মা হবেন। এর আগে ইলন মাস্ক চারটি বিয়ে করেছেন এবং তার বেশ কয়েকটি সন্তান রয়েছে।
মন্তব্য করুন